পাবনার ঈশ্বরদীতে মাথা ও শরীরে কাফনের কাপড় জড়িয়ে প্রকাশ্যে লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে থানার ফটকে অবস্থান করেছেন সাবেক ছাত্রনেতা ও জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সমর্থক জুবায়ের হোসেন বাপ্পী। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সোমবার (১৭ আগস্ট) বিকেলে ঈশ্বরদী থানার ফটকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ জুবায়ের হোসেন বাপ্পীকে হেফাজতে নেয়। এ সময় জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাকারিয়া পিন্টুর সমর্থকরা থানার ফটকে অবস্থান নিয়ে স্লোগান দেন এবং ঘটনার বিচার দাবি করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৪টার দিকে নিজ বাসা থেকে মাথা ও শরীরে কাফনের কাপড় পরিধান করে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর কথা বলে প্রকাশ্যে লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র হাতে থানার ফটকে অবস্থান নেন বাপ্পী। পরে অস্ত্র হাতে তাঁর অবস্থানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঈশ্বরদী শহরে আতঙ্কের সৃষ্টি হয়।
এর কিছু সময় পর জাকারিয়া পিন্টুর সমর্থকরা থানার ফটকে জড়ো হয়ে অস্ত্র প্রদর্শনের প্রতিবাদ জানান। তারা জুবায়ের হোসেন বাপ্পী ও হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
থানা ফটকে অবস্থান নেওয়া ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান, ঈশ্বরদী পৌরসভার সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন জনিসহ কয়েকজন অভিযোগ করেন, রাজনৈতিক বিরোধের জেরে বাপ্পী কিছুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে হত্যার হুমকি দিয়ে আসছেন। তাদের দাবি, প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র হাতে মহড়া দিয়ে তিনি শহরে আতঙ্ক সৃষ্টি করেছেন। এ ঘটনায় তারা লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান।
তবে বাপ্পীর পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, “এ ঘটনায় অস্ত্র প্রদর্শন করা জুবায়ের হোসেন বাপ্পী ইতোমধ্যে পুলিশি হেফাজতে রয়েছে। উত্তপ্ত পরিস্থিতি শান্ত করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।”
থানার ফটকে কাফনের কাপড় পরা অস্ত্রধারী, ঈশ্বরদীতে উত্তেজনা
-
স্টাফ রিপোর্টার - সর্বশেষ আপডেট : ১০:২৫:২১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
- 84
ট্যাগঃ
জনপ্রিয়









