পাবনার আমিনপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় তানিয়া খাতুন (২৮) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানের সময় তাঁর স্বামী টুটুল সরকার (৩১) পালিয়ে যান।
মঙ্গলবার (২৭ অক্টোবর) জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এর আগে সোমবার (২৬ অক্টোবর) রাত ১০টার দিকে আমিনপুর থানার আহম্মদপুর ইউনিয়নের দুর্গাপুর উত্তরপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টুটুল সরকারের বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তানিয়া খাতুনকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘরের বারান্দায় পাটখড়ি ও বাঁশের লাকড়ির ভেতরে বিশেষ কায়দায় রাখা নীল রঙের জিপারযুক্ত পলিথিন থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার তানিয়া খাতুন জানান, তিনি ও তাঁর স্বামী দীর্ঘদিন ধরে নিজ এলাকা ও আশপাশে মাদকসেবীদের কাছে ইয়াবা বিক্রি করে আসছিলেন। পুলিশ জানায়, পলাতক টুটুল সরকারের বিরুদ্ধে সাঁথিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় আমিনপুর থানায় মামলা করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
স্টাফ রিপোর্টার 














