পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জন্মস্থানের ০.১৫ একর জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিত করার দাবিতে স্থানীয় বাসিন্দারা প্রধানমন্ত্রীর কাছে আবেদনপত্র জমা দিয়েছেন।
বুধবার (২২ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদনটি জমা দেওয়া হয়। জেলা প্রশাসকের অনুপস্থিতিতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান আবেদনপত্রটি গ্রহণ করেন।
এর আগে সকালে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রম এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমবেত হয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য দেন মো. আফজাল হোসেন, মো. মান্নান মালিথা ও মো. আবুল কালাম।
বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে পরিচালিত শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রমের ধর্মীয় কার্যক্রমে সম্প্রতি কিছু বহিরাগত ব্যক্তি ও একটি ভারতীয় সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বিঘ্ন সৃষ্টি এবং ঠাকুরের জন্মস্থান দখলের চেষ্টা করছেন।
তারা ভারতীয় সংগঠনের কথিত আইনবিরোধী কর্মকাণ্ড বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ, হিমাইতপুর-পাবনাকে বরাদ্দ দেওয়া জন্মস্থানের ০.১৫ একর জমি হস্তান্তর ও নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিত করার দাবি জানান।
আবেদন গ্রহণের পর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান বলেন, জেলা প্রশাসক অনুপস্থিত থাকায় তার পক্ষে আবেদনটি গ্রহণ করা হয়েছে। আবেদনটি প্রধানমন্ত্রীর উদ্দেশে হওয়ায় জেলা প্রশাসক ফিরে এলে তাঁর নির্দেশনা অনুযায়ী প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর ব্যবস্থা করা হবে।
স্টাফ রিপোর্টার 














