পাবনার হেমায়েতপুর এলাকায় শ্রী শ্রী অনুকূল ঠাকুরের মন্দিরের দানবাক্স ভেঙে টাকা চুরির ঘটনায় একজন চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া টাকার একটি অংশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার (২৬ জুন) ভোর আনুমানিক ৪টার দিকে অজ্ঞাতনামা এক ব্যক্তি কৌশলে মন্দিরে প্রবেশ করে ভক্তদের দানকৃত দানবাক্স ভেঙে ভেতরে থাকা সব টাকা চুরি করে পালিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে পাবনা থানার অধীন হেমায়েতপুর পুলিশ ফাঁড়ির এসআই মো. রাজিব হাসানের নেতৃত্বে একটি দল তদন্ত শুরু করে। মন্দিরের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চোরকে শনাক্ত করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি মো. মৃদুল (২৫)। তিনি পাবনা সদর উপজেলার হেমায়েতপুর এলাকার বুদেরহাট গ্রামের বাসিন্দা এবং আবদুল মান্নানের ছেলে।
পরে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে পাবনা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে চুরি হওয়া টাকার কিছু অংশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। চুরি হওয়া অবশিষ্ট টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় পাবনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
স্টাফ রিপোর্টার 














